সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি


সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।


শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।


নিহতরা হলেন—কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী (৩২), তার স্ত্রী হজুফা (২৮), মেয়ে আয়েশা (৪) এবং সিএনজিচালক শেরপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া। নিয়ামত বর্তমানে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী এলাকায় বসবাস করতেন।


স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি শেরপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল। ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।


দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশার চালকসহ সাতজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



এমকে/বিএম২৪