সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯
সূত্রঃ ছবি: সংগৃহীত
সিলেট প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার দয়ামীর এলাকার কাশিকাপন অংশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টা ১৫ মিনিটের দিকে কাশিকাপন এলাকায় ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটমুখী বেঙ্গল পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়ায়।
নিহত নয়জনের মধ্যে প্রিয়ম (২৫) ও জাইফা (৪) নামে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। বাকি নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
আহতদের মধ্যে রয়েছেন ওয়াব (৪৫), মনসুর (৩৪), আতিকুল ইসলাম (৪৮), বাবুল (৪০), মফিজ মিয়া (৫৫), সাজিদ নুর (৪৫), নুরুন্নাহার (৪০), মুক্তার হোসেন (৬৫), জাহাঙ্গীর (২৮), আফজল (৩০), আফরোজা (৩৮), মন্টু (৩০) ও রাজু (৫৫)।
শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তসহ এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমকে









