মাঝ আকাশে ছিনতাইয়ের সংকেত : ফ্রাঙ্কফুর্ট-দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বিমান ছিনতাইয়ের সতর্কসংকেত পাওয়ার পর সেটিকে জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। উড়োজাহাজটিতে থাকা ৩০৫ জন যাত্রীর সবাই নিরাপদে রয়েছেন।
জয়পুর বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা চরণ সিং ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, বিমানটির একজন পাইলট ভুলবশত ছিনতাইয়ের সতর্কসংকেত চালু করেছিলেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অবতরণের পর উড়োজাহাজটিকে নিরাপত্তার স্বার্থে নির্ধারিত বিচ্ছিন্ন এলাকায় নেওয়া হয়। সেখানে নিরাপত্তাকর্মীরা বিমান ও যাত্রীদের মালপত্র তল্লাশি করেন। পরে যাত্রীদের নিরাপদে নামিয়ে বিমানবন্দরের টার্মিনালে নিয়ে যাওয়া হয়।
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নিরাপত্তা কার্যক্রম শেষে যাত্রীরা গন্তব্যের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখতে পারবেন।
যে সংকেতে জরুরি অবতরণ
প্রাথমিক তথ্য অনুযায়ী, আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটি থেকে ‘স্কয়ক ৭৫০০’ সংকেত পায়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ট্রান্সপন্ডার কোড বিমান ছিনতাই বা উড়োজাহাজে বেআইনি হস্তক্ষেপের আশঙ্কা বোঝাতে ব্যবহৃত হয়।
সংকেত পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইটটিকে জয়পুরে অবতরণের নির্দেশ দেওয়া হয়। সেখানে ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ), স্থানীয় পুলিশ এবং বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়কারী দল নিরাপত্তা তল্লাশি চালায়।
ঘটনার পর প্রাথমিক প্রতিবেদনগুলোতে বোমা হামলার হুমকি ও বিমান ছিনতাইয়ের আশঙ্কা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যায়। তবে জয়পুর বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তার বক্তব্যে পাইলটের ভুলবশত সংকেত চালু করার সম্ভাবনার কথা উঠে এসেছে।
এখন পর্যন্ত এয়ার ইন্ডিয়া ঘটনার বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তদন্তের ফলাফলও প্রকাশ করা হয়নি।
সূত্র: গালফ নিউজ
এমকে/বিডিমেইল২৪









