অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কর্মকর্তাদেরও শাস্তি
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চাঁদা না দেওয়ায় হামলার শিকার চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। শুধু চাঁদাবাজ নয়, এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকাভুক্ত করা হচ্ছে।
চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে তিনি বলেন, একটি অপরাধী চক্রের সাত সদস্যের মধ্যে চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সদস্যদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
গত সোমবার (১৭ আগস্ট) ঢামেক হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমকে/বিএম২৪








