ধানমন্ডির পর এবার মহাখালীতে ভবনে আগুন
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডিতে অগ্নিকাণ্ডের পর এবার মহাখালীতে একটি চারতলা ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১১ মিনিটের দিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরোনো ভবনের কাছে এসকেএস শপিং মলের পেছনের একটি ভবনে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটির ছাদে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রচুর ধোঁয়া তৈরি হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বেলা ১১টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্র আরও জানায়, ভবনটির তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাব-স্টেশন রয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন সেখানে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় থাকা অ্যাপেক্স শোরুমে আগুন লাগে। সকাল ১০টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম দল ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এমকে/বিএম২৪









