ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্য রক্ষা
সংগৃহীত
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা ইমরান হাশমির সামনে শুটিং চলাকালে ক্রেন থেকে ছিটকে একটি এসইউভি গাড়ি নিচে থাকা ভ্যানের ওপর আছড়ে পড়ে। গাড়িটি অভিনেতার খুব কাছাকাছি পড়লেও অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, শুটিং সেটে কর্মীরা গাড়িটি ঘোরানোর প্রস্তুতির সময় কাউন্টডাউন দিচ্ছিলেন। এর মধ্যেই মাঝআকাশে ঝুলে থাকা এসইউভিটি উল্টে গিয়ে নিচে পড়ে। আকস্মিক এ ঘটনায় শুটিং সেটে উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়েন। সাময়িকভাবে ব্যাহত হয় শুটিংয়ের কাজও।
জানা গেছে, একটি অ্যাকশনধর্মী ছবির ক্লাইম্যাক্স দৃশ্য ধারণের জন্য ঝুঁকিপূর্ণ স্টান্টটির আয়োজন করা হয়েছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্বস্তির বিষয় হলো, এ ঘটনায় ইমরান হাশমি কোনো আঘাত পাননি। তবে এটি পরিকল্পিত স্টান্টের অংশ ছিল, নাকি শুটিংয়ের সময় সত্যিই কোনো ত্রুটি দেখা দিয়েছিল—এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অ্যাকশন দৃশ্য ধারণের সময় তারকাদের নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আপাতত বড় ধরনের দুর্ঘটনা থেকে ইমরান হাশমির রক্ষা পাওয়াই তাঁর ভক্তদের জন্য স্বস্তির খবর।
এমকে/বিএম২৪









