আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘নয়া’ গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী আবুল কালাম আজাদ ওরফে ‘নয়া’কে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা ও চাঁদাবাজিসহ আটটি মামলার আসামি নয়া র্যাবের সহায়তায় বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার হন।
রোববার রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমতলীর আলোচিত সন্ত্রাসী আবুল কালাম আজাদ ওরফে নয়াকে শনাক্ত করা হয়।
পরে র্যাবের সহায়তায় পুলিশের একটি দল বরিশালের কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আমতলী থানা পুলিশ জানিয়েছে, আবুল কালাম আজাদ ওরফে নয়া হত্যা, চাঁদাবাজিসহ মোট আটটি মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন।
তার গ্রেপ্তারের খবরে আমতলীর সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম দ্রুত শেষ হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. ইয়াকুব হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তাকে আইনের আওতায় এনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








