কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলন
সংগৃহীত
মো. শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের বিষয়ে অবহিত করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে বক্তারপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, ইউপি সদস্য আখিঁ মোতালিব, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিজুল ইসলাম দর্জি, সাধারণ সম্পাদক মাসুদুল কবির নাঈমসহ ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা।
সংবাদ সম্মেলনে ইউএনও এটিএম কামরুল ইসলাম জানান, ফ্যামিলি কার্ড বাংলাদেশ সরকারের একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এ কর্মসূচির আওতায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে একটি সমন্বিত ডাটাবেজের আওতায় এনে সরাসরি আর্থিক সহায়তা ও ভর্তুকি মূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার থেকে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেরুয়া গ্রামে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেট ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।
এমকে/বিএম২৪









