খুলনায় আবাসিক হোটেলে মাদক ও দেহব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন, ক্ষোভে ফুঁসছেন নগরবাসী

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম
খুলনায় আবাসিক হোটেলে মাদক ও দেহব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন, ক্ষোভে ফুঁসছেন নগরবাসী

সংগৃহীত

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আবাসিক হোটেলকেন্দ্রিক কথিত মাদক ও দেহব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক ও দেহব্যবসামুক্ত খুলনা চাই’—এমন দাবিতে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


মানববন্ধন ও সমাবেশে শ্রমিক, শিক্ষার্থীসহ নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি আবাসিক হোটেলকেন্দ্রিক অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।


সমাবেশে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। এ সময় ‘বাবা খোর বাবা খায়, ওসি সাহেব মাল খায়’—এমন স্লোগান দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।


বক্তারা বলেন, খুলনাকে মাদক ও দেহব্যবসার প্রভাব থেকে মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসব কর্মকাণ্ডের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।


নগরবাসীর প্রত্যাশা, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর উদ্যোগ নেবে।


এমকে/বিডিমেইল২৪