খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক, দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ এএম
খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক, দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা

সূত্রঃ সংগৃহীত

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনা নগরীর বিভিন্ন এলাকায় নির্মাণ ও সংস্কারকাজের অংশ হিসেবে তৈরি করা পয়ঃনিষ্কাশন ট্যাংক দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় পড়ে থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি এসব ট্যাংক ও আশপাশে জমে থাকা পানিতে মশার প্রজনন হতে পারে বলে ডেঙ্গু নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।


নগরীর টুটপাড়া, এন্দাশ লেনসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, কয়েকটি বাসাবাড়িতে পয়ঃনিষ্কাশন ট্যাংক নির্মাণ করা হলেও দীর্ঘদিনেও সেগুলোতে ঢাকনা দেওয়া হয়নি। ফলে বাসাবাড়ির ভেতরেই খোলা অবস্থায় পড়ে রয়েছে গভীর এসব ট্যাংক।


স্থানীয় বাসিন্দারা বলছেন, খোলা ট্যাংকগুলো শিশু, বয়স্ক ব্যক্তি ও পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। অসাবধানতাবশত কেউ এসব ট্যাংকে পড়ে গেলে গুরুতর দুর্ঘটনা এমনকি প্রাণহানিও ঘটতে পারে।


এ ছাড়া বর্ষাকালে খোলা ট্যাংক ও আশপাশে পানি জমে থাকলে সেখানে মশার প্রজনন হতে পারে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপের সময়ে এমন অরক্ষিত ও অপরিচ্ছন্ন স্থান নগরবাসীর জন্য বাড়তি স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।


স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ শেষ হওয়ার পরও সংশ্লিষ্টরা অনেক সময় ট্যাংকে ঢাকনা দেওয়ার বিষয়টি গুরুত্ব দেন না। ফলে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকে এসব ট্যাংক।


নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংকগুলো দ্রুত নিরাপদভাবে ঢেকে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি নতুন করে ট্যাংক নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তাবিধি মানা এবং নির্মাণকাজে সংশ্লিষ্টদের ওপর নিয়মিত নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।


সচেতন নাগরিকরা বলছেন, দুর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকি কমাতে নগরীর ঝুঁকিপূর্ণ খোলা ট্যাংক ও পানি জমার স্থানগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপ জরুরি।