রিশাদ-আলিসের ঘূর্ণিতে কুপোকাত দক্ষিণ আফ্রিকা, সিরিজ বাংলাদেশের
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
বৃষ্টিতে সিরিজের প্রথম দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। শনিবার (১২ সেপ্টেম্বর) পচেফস্ট্রুমে সিরিজের তৃতীয় ও শেষ আনঅফিশিয়াল ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে তাওহিদ হৃদয়ের দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণিতে বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। মাত্র ৮৯ রানেই ৬ উইকেট হারায় স্বাগতিকরা। পরে অধিনায়ক মার্কিউস অ্যাকারম্যান ও ইমরান মানেকের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। অ্যাকারম্যান ৬৭ বলে ৫৪ এবং মানেক ৫৩ বলে ৪৩ রান করেন। শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ১৮২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের হয়ে বল হাতে ছিলেন রিশাদ হোসেন ও আলিস আল ইসলাম। লেগ স্পিনার রিশাদ ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট নেন। অফ স্পিনার আলিস ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচ করে শিকার করেন ৩ উইকেট। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিক হাসান ও সাইফ হাসান একটি করে উইকেট নেন।
১৮৩ রানের লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম মিলে গড়েন ৯২ রানের জুটি। সাইফ ৫৩ বলে ৬১ রান করে ফিরলেও নাঈম ধরে রাখেন ইনিংসের নিয়ন্ত্রণ। তিনি ৭৭ বলে ৬০ রান করেন।
তবে নাঈমের বিদায়ের পর দ্রুত আরও তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত অধিনায়ক তাওহিদ হৃদয়ের নেতৃত্বে ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে জয় নিশ্চিত করে সফরকারীরা। ফলে ১৭ ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ ‘এ’ দল।
এর আগে দুই দলের চার দিনের ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ‘এ’: ৪৭.২ ওভারে ১৮২/১০ (অ্যাকারম্যান ৫৪, মানেক ৪৩; রিশাদ ৪/৪৫, আলিস ৩/৩৫)।
বাংলাদেশ ‘এ’: ৩৩ ওভারে ১৮৩/৫ (সাইফ ৬১, নাঈম ৬০; সিমন্ডস ২/৩১)।
ফল: বাংলাদেশ ‘এ’ দল ৫ উইকেটে জয়ী।
এমকে/বিডিমেইল২৪








