জাকসুর উদ্যোগে ‘রোড টু কর্পোরেট’ ক্যারিয়ার সেশন
সূত্রঃ বিডি মেইল
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) আয়োজিত ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’-এর অংশ হিসেবে ‘রোড টু কর্পোরেট’ শীর্ষক ক্যারিয়ার কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সেশনের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের করপোরেট জগতে প্রবেশের প্রস্তুতি, প্রয়োজনীয় দক্ষতা, নিয়োগপ্রক্রিয়া, সিভি তৈরি, পেশাগত উন্নয়ন ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়াই ছিল আয়োজনের মূল লক্ষ্য।
সেশনে আলোচক হিসেবে ছিলেন বিশ্বব্যাংক ও মাইক্রোসফটের একাধিক প্রকল্প বাস্তবায়নকারী ট্রেইনার ও ম্যানেজমেন্ট কনসালট্যান্ট মাশাহীদ হাসান সীমান্ত, এইচআর বিজনেস পার্টনার, ট্যালেন্ট ম্যানেজমেন্ট ও রিক্রুটমেন্ট প্রফেশনাল এবং সিভি রাইটিং ট্রেইনার মুবতাসিন কবির এবং ডেটা সলিউশন ৩৬০ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজমুস সাকিব।
সেশনটি শুরু হয় মাশাহীদ হাসান সীমান্তের ‘গোল সেটিং অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং’ বিষয়ক আলোচনা দিয়ে। করপোরেট ক্যারিয়ারে প্রবেশের আগে শিক্ষার্থীদের কী ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন, কীভাবে নিজেদের পেশাদার প্রোফাইল হিসেবে গড়ে তুলতে হবে এবং নিয়োগদাতাদের প্রত্যাশা অনুযায়ী প্রস্তুতি নেওয়া যায়—এসব বিষয়ে আলোচনা করেন তিনি।
পরে সিভি লেখা, নিয়োগপ্রক্রিয়া, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, যোগাযোগ দক্ষতা, পেশাগত উন্নয়ন ও ক্যারিয়ার প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন আলোচকেরা। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তাঁরা।
জাকসুর কার্যকরী সদস্য নাবিলা বিনতে হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চাকরির বাজার ও করপোরেট জগতের বাস্তবতা সম্পর্কে প্রস্তুত করা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তিনি বলেন, ‘রোড টু করপোরেট’ সেশনটি বিশ্ববিদ্যালয়জীবন থেকে পেশাজীবনে প্রবেশের পথকে আরও সুস্পষ্ট করার একটি প্রয়াস। আলোচকদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেশনে আরও উপস্থিত ছিলেন জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান, পরিবেশ সম্পাদক সাফায়েত মীর, পরিবহন সম্পাদক তানভীর রহমান, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি, সহকারী সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন, কার্যকরী সদস্য ফাবলিহা জাহানসহ জাকসু ও হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের আয়োজনে এবং ব্রিলিয়ান্ট ব্রেইনস ভ্যালির সহযোগিতায় অনুষ্ঠিত এ সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এমকে/বিডিমেইল২৪









