এসএসসিতে জিপিএ-৫ পেলেই কক্সবাজার ভ্রমণ, স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ
সূত্রঃ বিডি মেইল
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
আসন্ন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন’।
শরীয়তপুরের সখিপুরে অবস্থিত অরাজনৈতিক ও সামাজিক কল্যাণমূলক সংগঠনটি সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কক্সবাজার ভ্রমণের আয়োজনের ঘোষণা দিয়েছে।
সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মো. ইরাম সরদার জানান, শিক্ষার্থীদের মেধা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও বড় অর্জনে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
‘সাফল্যের পুরস্কার হোক আনন্দময় একটি স্মরণীয় ভ্রমণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃতী শিক্ষার্থীদের জন্য এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হচ্ছে।
স্থানীয়রা জানান, স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষাবান্ধব ও কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে। এর আগে সংগঠনটির নিজস্ব অর্থায়নে সখিপুরে কাঠের পুল নির্মাণ, স্থানীয় মসজিদে এসি স্থাপন ও সৌন্দর্যবর্ধনের কাজ এবং ক্রীড়া প্রতিযোগিতায় তরুণদের পুরস্কৃত করার মতো বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
এ বিষয়ে সংগঠনটির দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, শিক্ষা ও সামাজিক উন্নয়নে তরুণদের পাশে দাঁড়ানোই স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের মূল অঙ্গীকার। কৃতী শিক্ষার্থীদের এমন সম্মাননা এলাকায় শিক্ষার পরিবেশ উন্নত করার পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করবে।
ফাউন্ডেশনের এ ব্যতিক্রমী ঘোষণায় আনন্দ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট দুই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।
এমকে/বিডিমেইল২৪









