জাবিতে পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসবের পর্দা নামল
সূত্রঃ বিডি মেইল
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের নির্মিত পাঁচটি নিরীক্ষাধর্মী চলচ্চিত্র নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী ‘পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব ২০২৬’ শেষ হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের ল্যাব-৩-এ উৎসবের উদ্বোধন হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামে।
উৎসবে প্রদর্শিত পাঁচটি চলচ্চিত্র হলো—প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের রচনা অবলম্বনে কৃষ্ণ চন্দ্র বর্মণের চিত্রনাট্য ও পরিচালনায় ‘লিব্রিয়াম’, প্রজয় বকশীর ‘ভূতের অভিমান’, এ.বি.এস. রিফাত পরিচালিত ‘অন্তিম তরঙ্গ’, সাজ্জাদুল শুভর ‘ওয়াটার হায়াসিন্থস’ এবং অর্ণব মল্লিকের চিত্রনাট্য ও পরিচালনায় ‘বিহাইন্ড দ্য মাইন্ড’।
উৎসবে মোট চারটি প্রদর্শনীর আয়োজন করা হয়। দুই দিনে বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় দুটি করে চলচ্চিত্র প্রদর্শিত হয়।
বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ও চলচ্চিত্র নির্মাতাদের একজন এ.বি.এস. রিফাত বলেন, বিভিন্ন ঘরানা ও ভিন্নধর্মী শৈল্পিক দৃষ্টিভঙ্গির পাঁচটি চলচ্চিত্রকে এ উৎসবে একত্র করা হয়েছে।
তিনি বলেন, “হাউসফুল না হলেও উল্লেখযোগ্যসংখ্যক দর্শক চলচ্চিত্রগুলো উপভোগ করতে এসেছেন। সংখ্যার হিসেবে দর্শক প্রায় ২৫০ থেকে ৩০০ জনের মতো হবে।”
উৎসবে উপস্থিত বিভাগের অধ্যাপক হারুন অর রশিদ খান শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করেন।
তিনি বলেন, “শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এসব চলচ্চিত্র নির্মাণের জন্য কাজ করেছে। আজ তারা তাদের কাজ দর্শকদের সামনে উপস্থাপন করেছে। আমার কাছে চলচ্চিত্রগুলো বেশ প্রাণবন্ত মনে হয়েছে।”
এমকে/বিডিমেইল২৪








