নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল
সূত্রঃ ফাইল ছবি
জ্যেষ্ঠ প্রতিবেদক
কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে কর্নেল মো. সাইদুল ইসলামকে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেষণে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। একই সঙ্গে তাদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
মোস্তফা কামাল কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং সাইদুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পাওয়ার পর তাদের কারা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ দুই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
তবে নিয়োগের প্রজ্ঞাপনটি পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে নতুন করে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হলেও সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
নিয়োগ বাতিলের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আকনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হাসপাতালে থাকার কথা জানিয়ে ওয়েবসাইট দেখে বিষয়টি জানতে বলেন।
এর আগে গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছিল।
এমকে/বিডিমেইল২৪








