চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরী
সূত্রঃ সংগৃহীত
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন আরবি বিভাগের গ্রেড-১ অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল চৌধুরী। তাঁকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল চৌধুরীকে বৃহস্পতিবার থেকে আগামী এক বছরের জন্য তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট নিয়োগ করা হলো।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল চৌধুরী বলেন, ‘উপাচার্য আমাকে একটি প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন। আমি নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালনের চেষ্টা করব, ইনশা আল্লাহ।’
এর আগে দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট তাঁকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল চৌধুরী ১৯৯৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে চট্টগ্রাম কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ২০১০ সালে ‘জাহিলি কাব্যে মানবিকতাবোধ’ শিরোনামে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন অধ্যাপক ইসমাইল চৌধুরী। ২০০৫ সালে সহকারী অধ্যাপক, ২০১০ সালে সহযোগী অধ্যাপক, ২০১৪ সালে অধ্যাপক এবং ২০২৬ সালে গ্রেড-১ অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি।
২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত আরবি বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন অধ্যাপক ইসমাইল চৌধুরী। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
বাংলা ভাষায় আরবি সাহিত্যবিষয়ক তাঁর লেখা ‘প্রাচীন আরবি কবিতা: ইতিহাস ও সংকলন’ বইটি পাঠকমহলে পরিচিত।
এমকে/বিএম২৪









