তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় অজগর উদ্ধার

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম
তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় অজগর উদ্ধার

সংগৃহীত

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর দর্জিপাড়া গ্রামের একটি গর্ত থেকে প্রায় ১০ কেজি ওজনের অজগরটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সাপটি নিয়ে যান।


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উত্তর দর্জিপাড়া গ্রামের বাসিন্দা ইসরাইলের বাড়ির পাশে একটি গর্তে অজগরটি দেখতে পান তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিয়ে যান।


তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা নুরুল হুদা জানান, উদ্ধার হওয়া অজগরটির ওজন আনুমানিক ১০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। বর্তমানে সাপটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে উপযুক্ত পরিবেশে এটিকে অবমুক্ত করা হবে।


এর আগে গত ২৯ সেপ্টেম্বর উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন থেকে প্রায় ১৩ কেজি ওজনের আরেকটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়। মাত্র ১৩ দিনের ব্যবধানে একই উপজেলায় দুটি অজগর উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।


তবে অজগর দুটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।


এমকে/বিএম২৪