দাগনভূঞায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সংগৃহীত
সাইফ উদ্দিন নিশাত, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
‘শিশু বিয়ে আর না, কন্যা শিশু করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কন্যাশিশুরা পরিবার বা সমাজের বোঝা নয়। উপযুক্ত শিক্ষা, সঠিক পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ পেলে তারাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনতে পারে। বাল্যবিয়ে একটি মেয়ের সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। তাই বাল্যবিয়েমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান, সাংবাদিক মো. ইমাম হাছান কচি, বিএনপি নেত্রী জাহানারা আক্তার এবং থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার।
বক্তারা কন্যাশিশুদের অধিকার, স্বাস্থ্য, সুরক্ষা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও বিপুলসংখ্যক কন্যাশিশু উপস্থিত ছিল।
এমকে/বিএম২৪









