দেশে প্রথমবারের মতো বসছে টেক্সটাইল ইনোভেশন এক্সপো

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম
দেশে প্রথমবারের মতো বসছে টেক্সটাইল ইনোভেশন এক্সপো

সংগৃহীত

বুটেক্স প্রতিনিধি


বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পে উদ্ভাবন, গবেষণা এবং উৎপাদন দক্ষতা বাড়ানোর লক্ষ্যে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬’। আগামী ১২ থেকে ১৪ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।


সোমবার (১২ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পে উদ্ভাবন, উচ্চমূল্যের পণ্য উৎপাদন এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে। উৎপাদন ব্যয় কমানো, জ্বালানি ও পানির সাশ্রয় এবং পণ্যের বৈচিত্র্য বাড়াতে গবেষণা ও নতুন প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।


আইটিইটি বাংলাদেশের মহাসচিব ও টিআইই স্টিয়ারিং বোর্ডের সদস্য প্রকৌশলী এ এস এম হাফিজুর রহমান নিক্সন বলেন, বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পের পণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি ও ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ‘ব্র্যান্ড ফ্রম বাংলাদেশ’ স্লোগানকে আরও শক্তিশালী করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এক্সপোতে প্রায় ৫০টি কারখানা ও শতাধিক উদ্ভাবনী অংশীদার তাদের পণ্য, প্রযুক্তি ও গবেষণা তুলে ধরবেন।


আইটিইটি বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, দেশের টেক্সটাইলশিল্পকে টেকসই ও প্রতিযোগিতামূলক অবস্থানে রাখতে উদ্ভাবনের বিকল্প নেই। উৎপাদন ব্যয় কমানো, উৎপাদনশীলতা বাড়ানো এবং প্রযুক্তির কার্যকর ব্যবহারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি এ আয়োজনে শিল্পসংশ্লিষ্টদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানান।


বিজিবিএর সভাপতি মো. আব্দুল হামিদ বলেন, বিশ্ববাজারে উচ্চমানের ও বৈচিত্র্যময় পোশাকের চাহিদা বাড়ছে। তবে আমদানিনির্ভর কাঁচামাল ও বাড়তি জ্বালানি ব্যয় দেশের পোশাকশিল্পের জন্য বড় চ্যালেঞ্জ। পাট ও তুলার মিশ্রণসহ নতুন উপকরণ নিয়ে গবেষণা ও উদ্ভাবন বাড়ানো গেলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।


আয়োজকদের তথ্যমতে, এক্সপোতে ডাইং ও প্রিন্টিং, টেক্সটাইল ম্যাটেরিয়াল, গার্মেন্টস অটোমেশন এবং গ্রিন ও সাসটেইনেবল প্রযুক্তি নিয়ে চারটি থিম জোন থাকবে। পাশাপাশি আয়োজন করা হবে ছয়টি টেকনিক্যাল সেমিনার ও একটি প্লেনারি সেমিনার।


এ আয়োজনে প্রায় পাঁচ হাজার দর্শনার্থী, ১০০টি ব্র্যান্ড ও ক্রেতা এবং ৩০টির বেশি দেশ থেকে ২০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকেরা।


এক্সপোর অংশ হিসেবে আটটি বিভাগে দেওয়া হবে ‘টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬’। উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি, পণ্য উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনায় অবদান রাখা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর পরিচালক ইমরান কাদের তুর্জো, আইটিইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী সুমায়েল মুহাম্মদ মল্লিক এবং টিআইইর চেয়ারম্যান ও টিটিআইএইচের এক্সিকিউটিভ চেয়ারম্যান প্রকৌশলী ইহসানুল করিম কায়সার।


টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ (টিআইই) এ এক্সপোর আয়োজক। সহ-আয়োজক টেক্সটাইল ইনোভেশন সেন্টার (টিআইসি), সহযোগী প্রতিষ্ঠান ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) এবং অংশীদার বিকেএমই ও বিজিবিএ। আয়োজনটি বাস্তবায়ন করছে টেক্সটাইল টুডে ইনোভেশন হাব (টিটিআইএইচ)।


এমকে/বিএম২৪