লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ৪৮ জন

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পিএম
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ৪৮ জন

সংগৃহীত

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি


পার্বত্য অঞ্চলে বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে পরিচালিত বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর ২০২৬) লংগদু জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণে উত্তীর্ণ ৪৮ জনের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থীর হাতে প্রাথমিক চিকিৎসা বক্স তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি। এ সময় লংগদু জোনের জেডএসও মেজর মো. ইমরুল কায়েস, পিএসসিও উপস্থিত ছিলেন।


পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার বেকার তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে গত ২০ সেপ্টেম্বর এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আওতায় কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল রিপেয়ারিং, মেকানিক্যাল ও রিপেয়ারিং এবং প্রাথমিক চিকিৎসা—এই চারটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।


সনদ বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ কর্মসূচি স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ সময় পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


এমকে/বিএম২৪