সিংগাইরে সাংবাদিকের ওপর হামলার মামলায় আসামির জামিন নামঞ্জুর, কারাগারে

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম
সিংগাইরে সাংবাদিকের ওপর হামলার মামলায় আসামির জামিন নামঞ্জুর, কারাগারে

সংগৃহীত

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি


মানিকগঞ্জের সিংগাইরে সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলার মামলায় আসামি ওয়াজুদ্দিনের (৪৫) জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


সোমবার (১২ অক্টোবর) মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাকিব হোসেনের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মতিয়ার রহমান আঙ্গুর।


ওয়াজুদ্দিন উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।


বাদীপক্ষের আইনজীবী জানান, সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলা ও তাঁর হাতঘড়ি ছিনিয়ে নেওয়ার বিষয়টি তদন্ত কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। শুনানি শেষে আদালত ওয়াজুদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট দেওয়ান মিজানুর রহমান।


আদালত সূত্রে জানা যায়, ফৌজদারি রিভিশন মামলার আদেশের পরিপ্রেক্ষিতে গত ২৬ জুলাই মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান আসামিদের জামিন বাতিলের নির্দেশ দেন। পরে ১৫ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সজীব চৌধুরী চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।


ওই চার আসামি হলেন—লক্ষ্মীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন গাদুর ছেলে হুমায়ুন ওরফে ‘ইয়াবা হুমায়ুন’ (৪০), তুফান আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০), কাউছারের ছেলে জিসান (২২) এবং ওয়াজুদ্দিন (৪৫)। তাঁদের মধ্যে জিসান গত ৫ অক্টোবর বিচারিক আদালত থেকে জামিন নিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।


বাদীপক্ষের আইনজীবীর দাবি, মামলার কয়েকজন আসামি উচ্চ আদালতের নির্দেশনা ও আইনগত প্রক্রিয়া এড়িয়ে জামিন নেওয়ার চেষ্টা করেছিলেন। রিভিশন শুনানিতে বিষয়টি আদালতের নজরে আনা হলে আসামিদের জামিন বাতিলের আদেশ দেওয়া হয়।


মামলার অভিযোগ অনুযায়ী, সংবাদ প্রকাশের জেরে গত বছরের ১৫ এপ্রিল সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ধল্লা বাজারসংলগ্ন পল্লী উন্নয়ন সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ের বারান্দায় সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন তিনি পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় মামলা করেন।


মাসুম বাদশাহ দৈনিক ভোরের কাগজের সিংগাইর প্রতিনিধি এবং টাইমস অব বাংলাদেশের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তাঁর বাড়ি একই ইউনিয়নের মেদুলিয়া গ্রামে।


এমকে/বিএম২৪