লেখালেখির চর্চায় চাকসুর নতুন সংযোজন ‘চাকসুপত্র’
সূত্রঃ বিডি মেইল
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগের উদ্যোগে প্রকাশিত সাময়িকী ‘চাকসুপত্র’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাময়িকীটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোজাম্মেল হক, চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবসহ চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, যারা লেখালেখি করতে পছন্দ করেন এবং যারা লেখালেখিতে দুর্বল, উভয়ের জন্যই এই সাময়িকী কাজে লাগবে বলে তিনি আশা করেন। ‘চাকসুপত্রে’ যাঁদের লেখা স্থান পেয়েছে, তাঁদের অভিনন্দন জানান তিনি।
দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, ‘চাকসু হচ্ছে বাচ্চা না হওয়া মহিলার বাচ্চা হওয়ার মতো। একবার যেহেতু হয়েছে, সেহেতু আবার হবে ইনশা আল্লাহ।’ তিনি চাকসুর কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও গুরুত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, অনেকেই ভালো বলতে পারেন, কিন্তু লিখতে পারেন না। আবার অনেকে ভালো লিখতে পারেন, কিন্তু ভালো বলতে পারেন না। তিনি শিক্ষার্থীদের লেখালেখি অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, অনেক বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকসুকে সর্বোচ্চ সহযোগিতা করছে। এরই ধারাবাহিকতায় ‘চাকসুপত্র’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘আমরা এমন কোনো কিছু প্রচার করব না, যেটা আমাদের শিক্ষার্থীদের স্বার্থের বিরুদ্ধে যায়।’








