শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলাসহ ১৮ মামলার আসামি উকিল মল্লিক গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলাসহ ১৮টি মামলার আসামি উকিল মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) ভোরে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার উকিল মল্লিক শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত শমসের মল্লিকের ছেলে। তিনি দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উকিল মল্লিকের বিরুদ্ধে আদালতের জিআর পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। পরে শার্শা থানার এসআই শরিফুল ইসলাম ও এএসআই আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে উকিল মল্লিকের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট ১৮টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে ।
এমকে/বিএম২৪









