শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম
শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

সূত্রঃ সংগৃহীত

শার্শা(যশোর)প্রতিনিধি


যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর ইসলাম ওরফে নাঈম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


রোববার (১৬ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার নাভারণ রেলবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। আটক নুর ইসলাম দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই মো. সবুজ গাজীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল নাভারণ রেলবাজার এলাকায় মিন্টু শেখের ‘ঢাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন নুর ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এ ঘটনায় নুর ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শার্শা থানায় মামলা করা হয়েছে। মামলাটি রোববারই দায়ের করা হয়।


শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক যুবককে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



এমকে/বিএম২৪