১৮ ফুট প্রশস্ত হবে রাঙামাটির বাঙালিহালিয়া-রাজস্থলী ও রানীরহাট-কাউখালী সড়ক
সংগৃহীত
চাই সুই উ মারমা, রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির গুরুত্বপূর্ণ তিনটি সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়ক উন্নীতকরণসহ ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রাঙামাটি জেলার তিনটি সড়ক রয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের আওতায় রাঙামাটির বাঙালিহালিয়া-রাজস্থলী, রানীরহাট-কাউখালী এবং বাঘাইহাট-মারিশ্যা সড়ক উন্নয়ন করা হবে। প্রকল্পটির মেয়াদ চলতি বছরের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত।
এর মধ্যে বাঙালিহালিয়া-রাজস্থলী সড়কের প্রায় ১৯ কিলোমিটার উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৭৭ কোটি ৪২ লাখ টাকা। রানীরহাট-কাউখালী সড়কের ছয় কিলোমিটার উন্নয়নে ব্যয় হবে ৪১ কোটি ৭৭ লাখ টাকা। আর বাঘাইহাট-মারিশ্যা সড়ক উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১২১ কোটি ৭৬ লাখ টাকা।
রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, রাঙামাটি সড়ক বিভাগের আওতাধীন বাঙালিহালিয়া-রাজস্থলী ও রানীরহাট-কাউখালী সড়ক ১২ ফুট থেকে ১৮ ফুটে প্রশস্ত করা হবে। একইভাবে খাগড়াছড়ি সড়ক বিভাগের আওতাধীন বাঘাইহাট-মারিশ্যা সড়কও ১২ ফুট থেকে ১৮ ফুটে উন্নীত করা হবে।
তিনি বলেন, সড়কগুলোর মানোন্নয়ন ও প্রশস্তকরণের কাজ শেষ হলে এগুলো আরও টেকসই সড়কে পরিণত হবে। এর ফলে রাঙামাটি জেলায় নিরাপদ, নিরবচ্ছিন্ন ও ব্যয় সাশ্রয়ী সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি যাতায়াতে সময়ও কমবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, গুরুত্বপূর্ণ এসব সড়কের উন্নয়ন হলে রাঙামাটির সড়ক যোগাযোগ নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে। পাশাপাশি সড়কের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
এমকে/বিএম২৪









