এক মাসের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় বাবার পর এবার ছুরিকাঘাতে নিহত আইনজীবী ছেলে

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৭:২৫ পিএম
এক মাসের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় বাবার পর এবার ছুরিকাঘাতে নিহত আইনজীবী ছেলে

প্রিন্স মন্ডল অলিফ,  বাগেরহাট  প্রতিনিধি:

বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন (৪২) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত নিজাম উদ্দিন সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ এলাকার বাসিন্দা এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার রাত প্রায় ১টার দিকে মোটরসাইকেলে করে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে সড়ক দুর্ঘটনায় নিহত হন নিজাম উদ্দিনের বাবা তোরাফ আলী। এর আগে মা ও প্রথম স্ত্রীকেও হারিয়েছিলেন তিনি। তার পৈতৃক বাড়ি গোপালগঞ্জে। মৃত্যুকালে তিনি দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যাসন্তান রেখে গেছেন। এক মাসের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।