নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দক্ষতা ও ভাষা শিক্ষার বিকল্প নেই: ড. শেখ ফরিদুল ইসলাম
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
উপকূলীয় অঞ্চলের তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
শুক্রবার বিকেলে রামপালের সুন্দরবন মহিলা কলেজ অডিটোরিয়ামে অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদেশে যাওয়ার আগে কারিগরি দক্ষতার পাশাপাশি ভাষা শিক্ষা ও আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করা অপরিহার্য।
তিনি বলেন, দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। নিরাপদ অভিবাসন নিশ্চিত হলে কর্মীরা যেমন নিরাপদ থাকবেন, তেমনি পরিবার ও জাতীয় অর্থনীতিও লাভবান হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মো. আশরাফ হোসেন বলেন, সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির সুযোগ কাজে লাগিয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দুই উপজেলার বিপুল সংখ্যক বিদেশগামী যুব-যুবতী অংশগ্রহণ করেন।









