১৫ দিনের বিভাগীয় বৃক্ষমেলা শুরু, ২.৫ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনার ঘোষণা
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬। শনিবার (২৫ জুলাই) সকালে নগরীর রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার সংলগ্ন নজরুল ভিলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রাজশাহীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় ৫২টি স্টলে বিভিন্ন প্রজাতির গাছ প্রদর্শন ও বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী বৃক্ষরোপণ ও স্বাস্থ্যসেবায় দেশের অন্যতম সফল অঞ্চল। এ সাফল্য ধরে রাখতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পরিকল্পিত নগরায়নের পাশাপাশি লাগানো গাছের যথাযথ পরিচর্যার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, পুলিশ সুপার নাইমুল হাসান, আরএমপি কমিশনার মো. ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী এক বছরে রাজশাহী সিটি করপোরেশন ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এরই মধ্যে প্রথম পর্যায়ে প্রায় এক লাখ গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।
তিনি আরও বলেন, রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগরীতে পরিণত করতে পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিয়ন্ত্রণ, কাদামাটি অপসারণ ও সবুজায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগ সফল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম। এছাড়া বক্তব্য দেন বন সংরক্ষক মো. সুবেদার ইসলাম এবং নার্সারি মালিক সমিতি, রাজশাহী মহানগরের প্রচার সম্পাদক আয়নাল হক।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সবাইকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করার আহ্বান জানানো হয়।
এর আগে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার গেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নজরুল ভিলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, স্কাউট সদস্য, নার্সারি মালিক, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।








