মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া ভারতের জন্য কতটা স্বস্তির?
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বাংলাদেশসহ ভারতের সংবাদমাধ্যমেও ছিল আগ্রহ।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলেছে, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য স্বস্তির খবর নয়। প্রতিবেদনে বলা হয়, হাসিনার শাসনামলে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করায় তার একজন ঘনিষ্ঠ মিত্রকে হারিয়েছেন হাসিনা।
অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ সময় বিএনপির নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার সরকারের বিরোধিতা করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর তার দল রাজনৈতিকভাবে চাপে পড়ে।
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মির্জা ফখরুলের অতীত অবস্থানও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমসের দাবি, তিনি অতীতে ভারতের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি ভারতের সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।
২০২৪ সালের ডিসেম্বরে লন্ডনে বিএনপির এক সমাবেশে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং বাংলাদেশি মিশনগুলোর বাইরে ভারতীয়দের বিক্ষোভ নিয়েও মির্জা ফখরুল ক্ষোভ প্রকাশ করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনাকে ভারত সমর্থন করছে—এমন অভিযোগও তিনি করেছিলেন।
দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় গঙ্গা চুক্তি নিয়েও মির্জা ফখরুলের অবস্থান তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে তিনি এর কার্যকর বাস্তবায়নকে বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন। বাংলাদেশের প্রয়োজন বিবেচনায় নিয়ে ভারতকে চুক্তিটি বাস্তবায়নের আহ্বানও জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াকে ভারত কীভাবে দেখছে, তা নিয়ে দেশটির সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার সঙ্গে তার রাজনৈতিক অবস্থানের বিপরীতমুখী সম্পর্ক এবং ভারত-বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে তার আগের বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।
এমকে/বিএম২৪









