৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে না হওয়ায় ৬ মামলায় ফাঁসানোর অভিযোগ
সংগৃহীত
মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
যশোরে বিয়ের আলোচনা ভেঙে যাওয়ার পর এক যুবকের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের এবং তাঁর পরিবারের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী তামিম আবু উমামা।
সংবাদ সম্মেলনে তামিম দাবি করেন, প্রায় আড়াই বছর আগে যশোরের পূর্ব বারান্দীপাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে ফারজানা খাতুন এঁশীর সঙ্গে তাঁর পারিবারিকভাবে বিয়ের আলোচনা হয়েছিল। এ সময় ৭৫ লাখ টাকা কাবিন দাবি করা হলে তাঁরা বিয়ের প্রস্তাব থেকে সরে আসেন। এরপর থেকে তাঁদের পরিবারের সঙ্গে বিরোধের সূত্রপাত হয় বলে অভিযোগ করেন তিনি।
তামিমের অভিযোগ, গত আড়াই বছরে তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়েছে। এর মধ্যে চারটি মামলায় আদালতে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া গত ৭ অক্টোবর তাঁদের বাড়িতে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তামিম।
তিনি আরও দাবি করেন, গত ৮ অক্টোবর দুপুরে অফিসে যাওয়ার পথে নীলগঞ্জ ভিসা অফিসের সামনে তাঁর গাড়ির গতিরোধ করে কয়েকজন ব্যক্তি তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনার ভিডিও ফুটেজ তাঁর ফোন ও গাড়ির ড্যাশ ক্যামেরায় রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে তামিম বলেন, তাঁদের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তামিম তাঁর বক্তব্যে কয়েকটি মামলা ও সাধারণ ডায়েরির তথ্যও তুলে ধরেন। তাঁর দাবি, এসব ঘটনার বিষয়ে আগে থেকেই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।
তবে এসব অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন, তাঁর মেয়ে ফারজানা খাতুন ও পরিবারের অন্য সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এমকে/বিএম২৪








