এমপি হলে বরাদ্দ ও উন্নয়নকাজের হিসাব বিলবোর্ডে প্রকাশ করব: দেলাওয়ার হোসেন
সংগৃহীত
রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
সংসদ সদস্য নির্বাচিত হলে সরকারি বরাদ্দ ও এলাকার উন্নয়নকাজের বিস্তারিত হিসাব বিলবোর্ডের মাধ্যমে জনগণের সামনে প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। একই সঙ্গে বিদ্যুৎ বিল, জ্বালানি তেলের দাম, সার সংকট ও দুর্নীতি নিয়ে সমালোচনা করেছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মড়লডোবা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
দেলাওয়ার হোসেন বলেন, নির্বাচিত হলে এলাকার জন্য বরাদ্দ করা সরকারি অর্থের পরিমাণ এবং সেই অর্থে কী কী উন্নয়নকাজ করা হয়েছে, তা বিলবোর্ডের মাধ্যমে প্রকাশ করবেন। এর মাধ্যমে জনপ্রতিনিধির জবাবদিহি নিশ্চিত করতে চান বলেও জানান তিনি।
বিদ্যুৎ বিল নিয়ে সমালোচনা করে তিনি বলেন, লোডশেডিংয়ের পরও গ্রাহকদের উচ্চহারে বিল দিতে হচ্ছে। কৃষকদের সার সংকটের প্রসঙ্গে তিনি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে নিম্ন আয়ের মানুষ চাপে পড়ছেন বলেও মন্তব্য করেন তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার বিষয়ে জামায়াতের এই প্রার্থী বলেন, সব ধর্মের মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সংসদ সদস্য নির্বাচিত হলে তাঁদের নিরাপত্তা ও ধর্মীয় অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
আগামী ২৯ অক্টোবরের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা অর্জন এবং উন্নয়নকাজে স্বচ্ছতা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।
এমকে/বিএম২৪








