‘ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত’

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম
‘ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত’

সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি


ফারাক্কা চুক্তি নবায়ন এবং অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মাধ্যমে ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের প্রমাণ দেবে বলে আশা প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।


রোববার (১১ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের জন্য নির্ধারিত প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ভারত চুক্তিটি নবায়ন করে এবং অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা অনুযায়ী বণ্টন নিশ্চিত করলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।


তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সমর্থন নিয়ে নানা বিতর্ক ছিল। ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মাধ্যমে ভারত এসব বিতর্কের অবসান ঘটাতে পারে। এর মধ্য দিয়ে দেশটি প্রমাণ করতে পারবে, তারা বাংলাদেশের প্রকৃত বন্ধুত্বপ্রতিম রাষ্ট্র।


এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।


২০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে দ্বিতীয় করতোয়া সেতু


মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পাওয়ায় স্থানীয় বাসিন্দারা প্রতিমন্ত্রীকে মিষ্টিমুখ করান।


প্রকল্প সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর থেকে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সড়কের করতোয়া নদীর ওপর সেতুটি নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।


সেতুটি নির্মিত হলে নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, চিকিৎসাসেবা গ্রহণ, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের কাজে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।


পরে প্রতিমন্ত্রী পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগসংবলিত লিফলেট বিতরণ করেন।


এমকে/বিএম২৪