ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে গুরুত্ব
সংগৃহীত
মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ মণ্ডপ চিহ্নিতকরণ, পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সার্বক্ষণিক নজরদারি জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় মাদক, চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শহরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া ৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় দুর্গাপূজাসহ সব ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এমকে/বিএম২৪









