ঈদগাঁওয়ে দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদারের দাবি, পুলিশের মতবিনিময় সভা
সংগৃহীত
নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের সঙ্গে উপজেলা পূজা উদ্যাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঈদগাঁও থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার। সভা সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার সনক কান্তি দে।
সভায় পুলিশ কর্মকর্তা অচিন্ত কুমার দে, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবুল কান্তি দে, সাধারণ সম্পাদক সুকুমার মল্লিক, কক্সবাজার জেলা পূজা উদ্যাপন কমিটির সদস্য ডা. সঞ্জিত দাস, ইসলামাবাদ ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুমন কান্তি দাশসহ বিকাশ দে, নিখিল দাশ, টিটু পাল, রুবেল দাশ, নয়ন দাশ, সুমন দাশ, বিশাল চৌধুরী, রাজু দেসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় যানজট, মাদক ব্যবসা, বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতা জনসাধারণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে হাসিনা পাহাড়, বাঁশঘাটা সড়ক, তেলিপাড়া রাস্তার মাথা, ভঙ্গিম বাজার, গরুর বাজার, ভাদিতলা, পালপাড়া ও বার আউলিয়া বাজার এলাকায় বখাটেদের উৎপাত বন্ধে নিয়মিত পুলিশি অভিযান পরিচালনার দাবি জানান তাঁরা।
এ ছাড়া মাদক ব্যবসায়ীদের পাশাপাশি তাঁদের সহযোগী ও আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানান পূজা উদ্যাপন কমিটির নেতারা। আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
আগামী ১৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত সারা দেশের মতো ঈদগাঁও উপজেলাতেও শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। এ বছর উপজেলায় মোট ১৭টি মণ্ডপে প্রতিমাপূজার আয়োজন করা হয়েছে।
সভাপতির বক্তব্যে ওসি এটিএম সিফাতুল মাজদার বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিতে হবে। কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে প্রতিদিন সন্ধ্যার পর অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, নিরাপত্তাবিষয়ক সচেতনতা বাড়াতে ঈদগাঁওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপনের জন্য ১৭টি ব্যানার দেওয়া হবে। এসব ব্যানারে ওসির মোবাইল নম্বর ও ডিউটি অফিসারের ফোন নম্বর থাকবে। ফলে যেকোনো অপরাধ বা নিরাপত্তাসংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানানো সম্ভব হবে।
ওসি আরও বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাঁও থানা পুলিশ দিন-রাত ২৪ ঘণ্টা সার্বিক সহযোগিতা করবে। অপরাধীদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তাৎক্ষণিকভাবে থানায় জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
এমকে/বিএম২৪









