গাজীপুরে পিকআপসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
সংগৃহীত
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে একটি মাহিন্দ্রা পিকআপ ভ্যান, একটি বড় কাটার, ১২টি লোহার রড ও একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) জিএমপির গোয়েন্দা উত্তর বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বাসন থানার ইটাহাটা এলাকায় ভাওয়াল কলেজের উত্তর পাশে সিদ্দিক টাওয়ারের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি মাহিন্দ্রা পিকআপ ভ্যান আটক করে সেটিতে থাকা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কদিম কাকনা এলাকার শিমুল শেখ (৪৫), বগুড়ার নন্দীগ্রাম উপজেলার টিচিগাড়ী এলাকার মজিদ আহমেদ (৪৫), নওগাঁর আত্রাই উপজেলার রসুলপুর এলাকার সবুজ আলী (৩২), বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার উতুরা দক্ষিণপাড়া এলাকার রেজাউল করিম রেজা (৪৫), টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার উটি বররা এলাকার শুকুর আলী ওরফে জীবন (৩৫) এবং ঢাকার শাহ আলী থানার মিরপুর শাহ আলী এলাকার আহমদ (৪৭)।
পুলিশ জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বড় কাটার, ১২টি লোহার রড ও একটি সামুরাই উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের ব্যবহৃত মাহিন্দ্রা পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়।
জিএমপির গোয়েন্দা উত্তর বিভাগ আরও জানায়, গ্রেপ্তার শিমুল শেখের বিরুদ্ধে চুরি, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতিসংক্রান্ত তিনটি মামলা রয়েছে। অন্যদিকে, মজিদ আহমেদের বিরুদ্ধে চুরি, দস্যুতা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ভারপ্রাপ্ত) কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এমকে/বিএম২৪








