খুলনায় জাতীয় যুবশক্তির নতুন কমিটির পরিচিতি সভা, জননিরাপত্তায় একাত্মতা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম
খুলনায় জাতীয় যুবশক্তির নতুন কমিটির পরিচিতি সভা, জননিরাপত্তায় একাত্মতা

সংগৃহীত

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনায় জাতীয় যুবশক্তির মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং চাহিদা অনুযায়ী এসব সেবা না পাওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।


নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে সরদার তুহিনুজ্জামান সোহাগ, সদস্য সচিব হিসেবে মোহাম্মদ হেলাল খন্দকার এবং মুখ্য সংগঠক হিসেবে আলিফ আফিফ অন্তিক দায়িত্ব পেয়েছেন।


সভায় উপস্থিত নেতাকর্মীরা দেশ ও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে একাত্মতা প্রকাশ করেন তাঁরা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।


বক্তারা বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করছে। পাশাপাশি চাহিদা অনুযায়ী এসব সেবার সরবরাহ নিশ্চিত করা জরুরি। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।


এ সময় খুলনা জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নেতাকর্মীরা জনগণের স্বার্থে কাজ করা এবং দেশের চলমান সংকট মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।


এমকে/বিএম২৪