জাতীয় ক্রিকেট লিগে ধারাভাষ্য দিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করলেন ইকবাল
সংগৃহীত
সৌরভ আহমেদ সাগর, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরে ধারাভাষ্য দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল মাহমুদ।
৩ থেকে ৬ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগ ও রাজশাহী বিভাগের মধ্যকার ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এবারের জাতীয় ক্রিকেট লিগকে নতুন আঙ্গিকে সাজিয়েছে বিসিবি। কাউন্টি ক্রিকেটের আদলে বিভিন্ন রঙের ব্লেজার ও ব্যাগি ক্যাপ, কাস্টমাইজড হেলমেট, ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার, প্রাইজমানি এবং উইনিং বোনাসসহ বেশ কিছু নতুন সংযোজন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে খেলোয়াড়দের পারিশ্রমিক। এসব উদ্যোগ দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছে।
জাতীয় ক্রিকেট লিগে ধারাভাষ্য দেওয়াকে নিজের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখছেন ইকবাল মাহমুদ। এর আগে ২০২৪ সালের ২৯ মে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য দেওয়ার মাধ্যমে পেশাদার ধারাভাষ্যকার হিসেবে যাত্রা শুরু করেন তিনি।
পরবর্তী সময়ে টি-স্পোর্টসের ইউটিউব প্ল্যাটফর্মে প্রচারিত বিভিন্ন করপোরেট ও অ্যামেচার টুর্নামেন্টে ধারাভাষ্য দিয়েছেন ইকবাল। এ ছাড়া আইনজীবীদের ক্রিকেট টুর্নামেন্ট, জেলা প্রশাসন উইমেন্স গোল্ডকাপ, জেলা প্রশাসক গোল্ডকাপ এবং ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
জাতীয় ক্রিকেট লিগে ধারাভাষ্য দেওয়ার অনুভূতি জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, “জাতীয় ক্রিকেট লিগের মতো গুরুত্বপূর্ণ একটি আসরে ধারাভাষ্য দেওয়ার সুযোগ পাওয়া আমার জন্য দারুণ অভিজ্ঞতা। এই সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। একই সঙ্গে আমার বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারাটা ভালো লাগার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। চেষ্টা করেছি ধারাভাষ্যের মাধ্যমে দর্শকদের খেলার সঙ্গে সম্পৃক্ত রাখতে এবং ম্যাচকে তথ্যবহুল ও উপভোগ্য করে তুলতে। এই সুযোগ পাওয়ার পেছনে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
উল্লেখ্য, ইকবাল মাহমুদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি ক্যাম্পাস সাংবাদিকতা, স্পোর্টস রিপোর্টিং ও ধারাভাষ্যের সঙ্গে যুক্ত রয়েছেন।
এমকে/বিএম২৪








