আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রায় ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে অর্থ পাচার এবং সুইস ব্যাংকে অর্থ জমা ও বিদেশে বিনিয়োগের অভিযোগ খতিয়ে দেখতে আনুষ্ঠানিক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।


রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনের সহকারী পরিচালক তানজীর আহমেদ।


দুদক সূত্রের বরাতে তিনি জানান, অর্থ পাচারের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগে ৬০ কোটি টাকা এবং সারাদেশে ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ থেকে ১০ কোটি টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগও পাওয়া গেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে।


এসব অভিযোগের অনুসন্ধানের আওতায় আসিফ মাহমুদের পাশাপাশি তার বাবা এবং সাবেক দুই সহকারীকে রাখা হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা।


তানজীর আহমেদ বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে বিপুল অঙ্কের ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে অনুসন্ধান করা হবে।


এ ছাড়া ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নির্মাণ প্রকল্পে দুর্নীতি, বিভিন্ন সরকারি দপ্তরে বদলি-পদোন্নতি বাণিজ্য এবং সরকারি কাজের টেন্ডার নিয়ন্ত্রণসহ ক্ষমতার অপব্যবহারের আরও কয়েকটি অভিযোগও খতিয়ে দেখছে দুদক।


দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুসন্ধানের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হবে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


তবে দুদকের উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কিংবা তার সংশ্লিষ্টদের কোনো বক্তব্য এ সংবাদে পাওয়া যায়নি।