নাটকে বিসিএস ক্যাডার ফারহান, পদ নিয়ে ভুলে সমালোচনার ঝড়

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পিএম
নাটকে বিসিএস ক্যাডার ফারহান, পদ নিয়ে ভুলে সমালোচনার ঝড়

সূত্রঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক


ইউটিউবে কয়েকদিন আগে মুক্তি পেয়েছে অভিনেতা মুশফিক আর ফারহান অভিনীত নাটক ‘পথের সাথীকে চিনে নিও’। জুবায়ের ইবনে বকরের নির্মাণে নাটকটি প্রকাশের পর দর্শকদের মধ্যে প্রশংসার পাশাপাশি বিভিন্ন অসংগতির বিষয় নিয়েও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


নাটকটিতে মইন খান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। গল্পে দেখা যায়, মইন খান দরিদ্র পরিবারের সন্তান। আর্থিক অসচ্ছলতার কারণে প্রেমিকার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। পরে বিসিএস ক্যাডার হয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব নেন।


তবে মইন খানের ইউএনও হওয়ার বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছেন সচেতন দর্শকদের অনেকে। তাদের দাবি, নাটকে দেখানো হয়েছে বিসিএস ক্যাডার হওয়ার পর চাকরির প্রথম দিনই মইন খান ইউএনও পদে যোগ দেন। বাস্তবে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের চাকরির পদায়ন ও পদোন্নতির প্রক্রিয়া এমন নয়।


এ ছাড়া নাটকে মইন খানের পদ হিসেবে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ শব্দটি ব্যবহার করা হয়েছে। দর্শকদের অনেকে বলছেন, বাংলাদেশে সরকারি চাকরিতে এ নামে কোনো প্রচলিত পদ নেই। নাটকের বিভিন্ন দৃশ্য ও নামফলকে প্রশাসনিক পদ ও এলাকার পরিচয় নিয়েও অসংগতি রয়েছে বলে অভিযোগ করেছেন তারা।


সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা মন্তব্যও দেখা গেছে। একজন দর্শক নাটকে বিসিএস ক্যাডারের পদ ও দায়িত্ব উপস্থাপনের সমালোচনা করে বলেন, নির্মাণের আগে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ন্যূনতম তথ্য যাচাই করা প্রয়োজন।


আরেক দর্শক ব্যঙ্গ করে লেখেন, নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পর এবার নাটকে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ পদও দেখা গেল। তার মতে, বর্তমানে সহজেই তথ্য যাচাইয়ের সুযোগ থাকায় এমন ভুল আরও এড়ানো সম্ভব।


তবে এসব সমালোচনা নিয়ে এখনো নাটকটির নির্মাতা, অভিনয়শিল্পী কিংবা সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


‘পথের সাথীকে চিনে নিও’ নাটকটির গল্প লিখেছেন শাহজাহান সৌরভ। এতে মুশফিক আর ফারহান ছাড়াও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, জয়নাল জ্যাক, মিলি বাসার, আরকে রেজাসহ অনেকে।


এর আগে আনিসুর রহমান রাজীবের ‘সে প্রথম প্রেম আমার’ নাটকেও বিসিএস ক্যাডারের পরিচয় ও পদ নিয়ে একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছিল। ফলে নাটকে সরকারি চাকরি ও বিসিএস ক্যাডারদের উপস্থাপন কতটা তথ্যনির্ভর হওয়া উচিত, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।