ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬১

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পিএম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬১

সূত্রঃ ফাইল ছবি

আল-মাহফুজ শাওন


দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন রোগী।


রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে ৫২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।


বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৩৭ জনে।


একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৩৯৪ জন। এ পর্যন্ত মোট ৪৮ হাজার ৯৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৬২৭ জন। এরপর খুলনা বিভাগে ২৭৫ জন, বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৯৩, রংপুরে ৭৩ এবং সিলেট বিভাগে ছয়জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।