২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক ও সাইডলাইন বৈঠকে অংশ নেবেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দেবেন। এ সময় বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন মিটিং অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। সাইডলাইনে বিভিন্ন বৈঠক হবে, তবে এসব বৈঠকের সিদ্ধান্ত অনেক সময় শেষ মুহূর্তে চূড়ান্ত হয়।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কার কার সঙ্গে বৈঠক হবে, তা জানিয়ে দেওয়া হবে। বিষয়টি গোপন কিছু নয়।
সফরকালে রোহিঙ্গা সংকট নিয়েও বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের নতুন ভিশন, আন্তর্জাতিক সহযোগিতা ও রোহিঙ্গা সংকটসহ দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশ্বনেতাদের সামনে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হবে।









