গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কাজ করছে ২০ ইউনিট
ছবি: বিডি মেইল
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি উদ্ধার অভিযান ও নিরাপত্তা কার্যক্রমে যোগ দিয়েছেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটির ইউনিট-২-এর একটি ভবনের পিন সেকশনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন অংশে এবং আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়।
আগুন থেকে নির্গত কালো ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী, গাজীপুর, জয়দেবপুর, পূবাইল ও উত্তরাসহ আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে বুধবার দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, আগুনের তীব্রতা বাড়তে থাকায় ২০টি ইউনিট একযোগে কাজ করছে। দুপুর দেড়টার দিকে কারখানার আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং উদ্ধার অভিযান পরিচালনায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা যোগ দেন।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে পানি সরবরাহ নিশ্চিত করতে কারখানার ভেতরে থাকা সচল পাম্পের পাশাপাশি আশপাশের বসতবাড়ির পাম্প থেকেও পানি সংগ্রহ করা হচ্ছে।
এমকে/বিএম২৪









