পাঁচ আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে এলএনজি কেনার অনুমোদন
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে পাঁচটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে প্রথম প্রস্তাবে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে চেনিয়ার মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি ও ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে এলএনজি সরবরাহের প্রস্তাব প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন চাওয়া হয়।
এ প্রস্তাবে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) ও ১০৭(২) বিধি উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় প্রস্তাবে জনস্বার্থ ও জরুরি জাতীয় প্রয়োজন বিবেচনায় দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখতে বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেড এফজেডই থেকে সরাসরি এলএনজি কেনার নীতিগত অনুমোদন চাওয়া হয়।
এ প্রস্তাবে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৭, ৯৮ ও ১০৭ বিধি উল্লেখ করা হয়েছে।
দুটি প্রস্তাবই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে উপস্থাপন করা হয়। এসব উদ্যোগের লক্ষ্য দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা এবং জ্বালানি সংকট মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
এমকে/বিএম২৪









