২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পিএম
২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীসেবা বাড়াতে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণ করছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৬ অক্টোবর থেকে ট্রেনটি ঢাকা-চট্টগ্রাম রুটের পরিবর্তে কক্সবাজার পর্যন্ত চলাচল করবে।


রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমান জানান, দোহাজারী-কক্সবাজার রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণ করা হচ্ছে। ২৬ অক্টোবর থেকে এ সেবা চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন সূচি অনুযায়ী, ৭২১ নম্বর মহানগর এক্সপ্রেস সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে ট্রেনটি।


অন্যদিকে, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সেখান থেকে রাত ৩টায় ছেড়ে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।


ট্রেনটিতে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থের ব্যবস্থা থাকবে। নতুন এই সেবার ফলে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীসহ নাঙ্গলকোট, লাকসাম, কসবা, আখাউড়া, আশুগঞ্জ ও ভৈরববাজার স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।


বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে এ পথে ট্রেনের সংখ্যা বেড়ে পাঁচ জোড়া হবে।


রেলওয়ের আদেশ অনুযায়ী, মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচ ও ১ হাজার ৩৬৬টি আসন থাকবে। ট্রেনটির যাত্রায় সময় লাগবে প্রায় ৯ ঘণ্টা ৩০ মিনিট।


তবে সংশ্লিষ্ট কর্মীদের আশঙ্কা, চট্টগ্রাম-দোহাজারী অংশের একক রেললাইন এবং কয়েকটি স্টেশনের ছোট লুপলাইনের কারণে ট্রেনের ক্রসিংয়ে জটিলতা তৈরি হতে পারে। এতে অন্য ট্রেনের সময়সূচি বিঘ্নিত হওয়ার আশঙ্কাও রয়েছে।


এদিকে, নতুন রুটে কুমিরা স্টেশনে যাত্রাবিরতি না থাকায় ওই এলাকার যাত্রীদের কক্সবাজার যাতায়াতে বিকল্প ট্রেন বা পরিবহন ব্যবহার করতে হবে।


এমকে/বিএম২৪