বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পিএম
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।


জানাজায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, মরহুমের সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী অংশ নেন।


জানাজার আগে মরহুমের জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফনের কর্মসূচি তিন ধাপে সম্পন্ন হচ্ছে। প্রথম জানাজা শেষে দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


এরপর বিকেল ৩টায় রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।


এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির এই প্রবীণ নেতা।


১৯৫৪ সালের ১ মে ঢাকার কদমতলী পশ্চিম, শ্যামপুর এলাকায় জন্মগ্রহণ করেন সালাহউদ্দিন আহমেদ। তাঁর বাবার নাম আবদুল ব্যারেক সর্দার। তিনি ধোলাইপাড় উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, নটর ডেম কলেজ থেকে এইচএসসি এবং জগন্নাথ কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন।


শিক্ষাজীবন শেষে তিনি ব্যবসা ও প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত হন। তিনি ‘দৈনিক দেশ জনতা’ পত্রিকার মালিক ও সম্পাদক ছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।


সালাহউদ্দিন আহমেদ ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পঞ্চম জাতীয় সংসদে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।


২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।


বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সালাহউদ্দিন আহমেদ দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ছিলেন। রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় তিনি পরিচিত রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।


মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


এমকে/বিএম২৪