অনুমতি ছাড়া টুর্নামেন্টে নাম, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ধাওয়ানের
সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
অনুমতি ছাড়াই ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপের অংশগ্রহণকারীদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান। এ ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধাওয়ান জানান, টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে তিনি কোনো সম্মতি দেননি। তাঁর অজান্তে ও অনুমতি ছাড়াই আয়োজকেরা অংশগ্রহণকারীদের তালিকায় তাঁর নাম ব্যবহার করেছেন।
পোস্টে ধাওয়ান বলেন, বিষয়টি মোকাবিলায় তাঁর দল যথাযথ আইনি পদক্ষেপ নেবে। একই সঙ্গে গণমাধ্যম ও ভক্তদের অননুমোদিত কোনো ঘোষণা প্রচার না করার বা তার ওপর নির্ভর না করার অনুরোধ জানান তিনি। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই সাবেক ক্রিকেটার।
প্রকাশিত খবর অনুযায়ী, এশিয়া ওয়ারিয়র্স দলে ধাওয়ানের নাম রাখা হয়েছিল। ২৪ সদস্যের এই দলে পাকিস্তানের কয়েকজন ক্রিকেটারও রয়েছেন। তবে টুর্নামেন্টটির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন ধাওয়ান।
এশিয়া ওয়ারিয়র্সের তালিকায় ধাওয়ান ছাড়াও ভারতের সাবেক ক্রিকেটার রাহুল শর্মা, গুরকিরাত সিং মান ও অভিমন্যু মিঠুনের নাম রয়েছে। পাকিস্তানের সোহেল তানভীর, ইফতিখার আহমেদ ও মুহাম্মদ ইমরান খানসহ আরও কয়েকজন ক্রিকেটারকে দলটিতে রাখা হয়েছে বলে জানা গেছে।
এমকে/বিএম২৪









