রাজধানীতে আজ ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জশনে জুলুস

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১২:৩৫ এএম
রাজধানীতে আজ ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জশনে জুলুস

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ রোববার রাজধানীর মোহাম্মদপুরে জশনে জুলুস অনুষ্ঠিত হবে। আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ঢাকা শাখার উদ্যোগে আয়োজিত এ জুলুসে নেতৃত্ব দেবেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ।


আয়োজকরা জানিয়েছেন, জুলুসে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়্যদ আকিব আহমদ শাহ। এ ছাড়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা আনজুমানের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ উল্লাহ ও সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট নেতারা এতে অংশ নেবেন।


জুলুসটি সকাল ১০টায় মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হবে। এরপর টিক্কাপাড়া, রিং রোড, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, সাতমসজিদ রোড, ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, মিরপুর রোড, আসাদ গেট ও কলেজ গেট হয়ে শ্যামলী দিয়ে শ্যামলী ক্লাব মাঠে গিয়ে জুলুসটি শেষ হবে।


পরে শ্যামলী ক্লাব মাঠে মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে জোহরের নামাজ আদায়ের পর দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।


আয়োজকরা সর্বস্তরের নবীপ্রেমিক মুসল্লিদের জশনে জুলুসে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।