আওয়ামী লীগকে ফেরাতে ৯৬-এর মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত: রাশেদ খাঁন
সূত্রঃ বিডি মেইল
মো. আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াতে ইসলামী ১৯৯৬ সালের মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ ও সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, ‘গুলশানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে। জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে হয়তো তারা যোগাযোগ করে এই মিছিল করেছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছিল। এবারও আওয়ামী লীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘জামায়াত নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। কিন্তু আমরা বলতে চাই, দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।’
এর আগে সকালে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতামূলক র্যালি, ভার্চুয়াল মিটিং এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময়সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন রাশেদ খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম. এ. মজিদ, জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এমকে/বিডিমেইল২৪









