উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে ইউএনও-এসিল্যান্ডের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
সংগৃহীত
উজিরপুর প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বরিশালের উজিরপুর পৌরসভার কালীর বাজার ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কার্যক্রম এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদের আয়োজনে এবং উজিরপুর পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করা হয়। পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ বাড়ি, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাসাস বরিশাল জেলা দক্ষিণের সদস্যসচিব আহম্মেদুল কবির বিপ্লব মোল্লা, উজিরপুর পৌর বিএনপির সহসভাপতি মো. হেমায়েত উদ্দিন খলিফা, উজিরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নয়ন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ফকির।
এ ছাড়া উপস্থিত ছিলেন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল, সিনিয়র সহসভাপতি সৈয়দ মাহমুদ আহমেদ সবুজ, সহসভাপতি মো. মোস্তফা জামান সুমন বালী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহাদ সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ স্বাধীন, প্রচার সম্পাদক মো. সুজন হাওলাদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
এমকে/বিএম২৪









