কুতুবদিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে রেড ক্রিসেন্ট

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম
কুতুবদিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে রেড ক্রিসেন্ট

সূত্রঃ বিডি মেইল

কুতুবদিয়া প্রতিনিধি


কক্সবাজারের কুতুবদিয়ায় সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার জেলা ইউনিট। মানবিক সহায়তার অংশ হিসেবে আলী আকবর ডেইল ইউনিয়নের তিন শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।


শনিবার (১২ সেপ্টেম্বর) আলী আকবর ডেইল ইউনিয়নের টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ খাদ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার জেলা ইউনিটের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী।


সাম্প্রতিক কয়েক দিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পাশাপাশি পাহাড়ধসে আলী আকবর ডেইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এতে নিম্নআয়ের ও অসহায় পরিবারগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে জরুরি খাদ্য সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট।


ত্রাণ বিতরণকালে দুর্যোগকবলিত মানুষের তাৎক্ষণিক প্রয়োজনের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য ও মৌলিক প্রয়োজন মেটাতে এ ধরনের মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


স্থানীয়রা জানান, দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দেয়। এ সময়ে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ত্রাণ সহায়তা পাওয়ায় অনেক পরিবার সাময়িকভাবে স্বস্তি পেয়েছে।


দুর্যোগপ্রবণ কুতুবদিয়ায় ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে রেড ক্রিসেন্টসহ বিভিন্ন মানবিক সংগঠনের সহায়তা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।


এমকে/বিডিমেইল২৪